বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। আইএস সমর্থিত একটি টেলিগ্রাম চ্যানেলে হামলার হুঁশিয়ারি দিয়ে বাংলায় ‘শীঘ্রই আসছি’ লেখা একটি পোস্টার প্রকাশ পেয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ‘টাইমস অব ইন্ডিয়া’ আইএসের বাংলায় লেখা ওই পোস্টারের বরাত দিয়ে এক প্রতিবেদন বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে সম্ভাব্য হামলার কথা জানিয়েছে।

গত বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে আইএসের ‘শীঘ্রই আসছি, ইনশাল্লাহ...’লেখা ওই পোস্টারটি প্রকাশিত হয়েছে।

বাংলায় লেখা সেই পোস্টারে মুরসালাত নামে আইএসের একটি শাখা সংগঠনের লোগো আছে। শ্রীলঙ্কায় ভয়াবহ হামলার পর গোয়েন্দা সংস্থা এই পোস্টারটিকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। তবে ‘টাইমস অব ইন্ডিয়া’ আইএসের বাংলায় লেখা সেই পোস্টারটি তাদের প্রতিবেদনে প্রকাশ করেনি।  

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, জামাত উল মুজাহিদিনের (জেএমবি) সঙ্গে আইএসের সংশ্লিষ্টতা রয়েছে। জেএমবিকে তাদের দলে সদস্য নিয়োগের জন্য কলকাতা ও পশ্চিমবঙ্গে মাঝে মাঝেই তৎপর হতে দেখা যায়।  

গত ২১ এপ্রিল(রোববার) ইস্টার সানডেতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বো ও এর আশপাশে কয়েকটি গির্জা ও বিলাসবহুল হোটেলে সিরিজ বোমা হামলার ঘটনা ঘটে। এতে তিন শতাধিক মানুষ নিহত হয়েছে বলে দেশটির সরকার নিশ্চিত করেছে।

হামলার ৩ দিন পর ঘটনার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)। সন্ত্রাসী সংগঠনটির অন্তত ৯জন অনুসারী ওই হামলায় অংশ নিয়েছে বলে জানিয়েছে শ্রীলঙ্কা। এই ঘটনায় সন্দেহভাজন হিসেবে ৭০ জনের বেশি লোককে আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী।  

হামলা ঠেকানোর ব্যর্থতার দায় নিয়ে ইতোমধ্যে দেশটির প্রতিরক্ষা সচিব ও পুলিশ প্রধান পদত্যাগ করেছেন।  

এমবি