বিএনপির তিন আইনজীবীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে হওয়া ‘গায়েবি’ মামলার বিষয়ে স্বাধীন অনুসন্ধান কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আজ রোববার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের নেতৃত্বাধীন একক বেঞ্চ এ আদেশ দেন। এর মধ্যে হাইকোর্টে রিট আবেদন খারিজের সিদ্ধান্ত চূড়ান্ত হলো।

গত ২৩ সেপ্টেম্বর বিএনপির তিন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, নিতাই রায় চৌধুরী ও সানাউল্লাহ মিয়া ওই রিট করেন। প্রাথমিক শুনানি নিয়ে গত ৯ অক্টোবর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ বিভক্ত আদেশ দেন। বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী রুল দিয়ে ঢাকা মহানগর এলাকায় আবেদনকারীসহ ও অন্যদের বিরুদ্ধে হওয়া কথিত ‘গায়েবি’ মামলাগুলো তদারকি ও অনুসন্ধানে পদক্ষেপ নিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেন। তবে এর সঙ্গে ভিন্নমত পোষণ করে বেঞ্চের অপর বিচারপতি মো. আশরাফুল কামাল রিটটি খারিজ করে দেন। পরে বিষয়টি শুনানি ও নিষ্পত্তির জন্য এই বেঞ্চে আসে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, সঙ্গে ছিলেন আইনজীবী এ কে খান উজ্জ্বল। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। 

পরে এ কে এম আমিন উদ্দিন মানিক বলেন, এর আগে হাইকোর্টের দ্বৈত বেঞ্চের বিচারপতি মো. আশরাফুল কামাল রিট সরাসরি খারিজ করে আদেশ দিয়েছিলেন। এর সঙ্গে একমত পোষণ করে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার রিট সরাসরি খারিজ করে দিয়েছেন। এর মধ্য দিয়ে হাইকোর্টে রিট আবেদনটি খারিজের সিদ্ধান্তই চূড়ান্ত হলো। সূত্র: প্রথম আলো।

এসএম