রাজধানীর যাত্রাবাড়ীর একটি বাসা থেকে বিপুল সংখ্যক পর্নো সিডি-ডিভিডি, কভার পোস্টার ও তৈরির সরাঞ্জামসহ মো. আল আমিন (৩০) নামে এক যুবককে আটক করেছে র্যাব।
যাত্রাবাড়ীর কাজলা পাড়ার মোজাফ্ফর সড়কের একটি বহুতল বাড়িতে অভিযান চালিয়ে শনিবার দুপুরে তাকে আটক করা হয়।
এ সময় আটকের বাসা থেকে সাড়ে পাঁচ হাজার পিস পর্নো সিডি-ডিভিডি ও ১৫ হাজার পিস পর্নো কভার পোস্টার জব্দ করা হয়।
র্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার (অপারেশন) মোহাম্মদ রবিউল করিম দ্য রিপোর্টকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, আল আমিন কাজলা পাড়ার মোজাফ্ফর সড়কের ৯ নম্বর বাড়ির চার তলার একটি কক্ষে থাকতেন। তার কক্ষে অভিযান চালিয়ে ৬টি ডিভিডি কপিরাইটার মেশিন, ২০টি অতিরিক্ত ডিভিডি রাইটার, সাড়ে পাঁচ হাজার পিস পর্নো সিডি-ডিভিডি, ১৫ হাজার পিস পর্নো কভার পোস্টার জব্দ করা হয়। এ ছাড়া চারটি ইউপিএস, একটি মনিটর, একটি সিপিইউ, ৩টি সাউন্ড বক্স, একটি স্ক্যানার জব্দ করা হয়।
মোহাম্মদ রবিউল করিম বলেন, ‘আটক আল আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
ইআর





