মানবপাচার নিয়ে হাইকোর্টে করা রিটের শুনানি শেষ হয়েছে। বৃহস্পতিবার রিটের আদেশ দেওয়া হবে।

বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার শুনানি শেষে আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন এ্যাডভোকেট তাজুল ইসলাম। অপরদিকে, রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল আমাতুল করিম।

তাজুল ইসলাম বলেন, সাগরে ভাসমান অবস্থায় এবং পাচারকারীদের ক্যাম্পে যারা বন্দী আছেন, তাদের উদ্ধারে সরকারের নিষ্ক্রিয়তাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন করা হয়।

তিনি বলেন, একইসঙ্গে সাগরে ভাসমানদের উদ্ধারে কেন ব্যবস্থা নেওয়া হবে না, তাও জানতে চেয়ে রুল জারির কথা বলা হয়েছে। এ ছাড়া মানবপাচারকারীদের বিচারে ট্রাইব্যুনাল গঠনের জন্যও নির্দেশনা চাওয়া হয়েছে।

ন্যাশনাল ফোরাম ফর প্রটেকশন অব হিউম্যান রাইটস নামক মানবাধিকার সংগঠন রিটটি দায়ের করেন।

জেআই