সারাদেশে ফিটনেস সার্টিফিকেট ছাড়াই ৪ লাখ ৭৯ হাজার ৩২০টি যানবাহন চলাচল করছে জানিয়ে হাইকোর্টে প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)। এই যানবাহনগুলির নিবন্ধন থাকলেও সেগুলোর মেয়াদ শেষ হয়ে গেছে।

ফিটনেসবিহীন এইসব গাড়ি চালানোর দায়ে চলতি বছরে ৬ কোটি ৭২ লাখ ২৩ হাজার ৩৯২ টাকা জরিমানা আদায় করা হয়েছে বলে আদালতে দাখিল করা প্রতিবেদনে জানিয়েছে বিআরটিএ।

হাইকোর্টের দেওয়া আদেশের প্রেক্ষিতে বিআরটিএ’র আইনজীবী অ্যাডভোকেট রাফিউল ইসলাম আজ (২৩ জুলাই) মঙ্গলবার এই প্রতিবেদন জমা দিয়েছেন।

বিআরটিএ’র প্রতিবেদন অনুসারে, এই যানবাহনগুলির মধ্যে রয়েছে ঢাকা বিভাগে ২ লাখ ৬১ হাজার ১১৩টি, চট্টগ্রাম বিভাগে ১ লাখ ১৯ হাজার ৫৮৮টি, রাজশাহী বিভাগে ২৬ হাজার ২৪০টি, রংপুর বিভাগে ৬ হাজার ৫৮৮টি, খুলনা বিভাগে ১৫ হাজার ৬৬৮টি, সিলেট বিভাগে ৪৪ হাজার ৮০৫টি এবং বরিশাল বিভাগে ৫ হাজার ৩৩৮টি।

আজ (২৩ জুলাই) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার এবং বিচারপতি কে এম হাবিবুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে শুনানি শেষে এই বিষয়ে আদেশ দেবেন।

গত ২৪ জুন ঢাকাসহ সারাদেশে লাইসেন্স নিয়ে ফিটনেস নবায়ন না করা গাড়ি ও লাইসেন্স নিয়ে নবায়ন না করা চালকের বিস্তারিত তথ্য জানতে চান হাইকোর্ট। একইসঙ্গে, সারাদেশে লাইসেন্সধারী ফিটনেসহীন ৪ লাখ ৫৮ হাজার ৩৬৯ গাড়ি এবং লাইসেন্স নিয়ে নবায়ন না করা চালকের বিরুদ্ধে বিআরটিএ কী ব্যবস্থা নিয়েছে তাও জানাতে বলা হয়।

আদালতে ওই দিন রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন- ডেপুটি অ্যাটর্নি ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক। বিআরটিএ’র পক্ষে ছিলেন- ব্যারিস্টার মঈন ফিরোজী ও রাফিউল ইসলাম।

এমবি