অবৈধ সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) মিজানুর রহমানকে তলব করা হয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আজ (বুধবার) দুদক থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বরাবর চিঠিটি পাঠানো হয়েছে।
চিঠিতে মিজানুর রহমানকে আগামী ০৩ মে সকাল সাড়ে ৯টায় দুদকের সেগুনবাগিচার প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। মিজানুরকে যথাসময়ে দুদক কার্যালয়ে হাজির হওয়ার ব্যাপারে ব্যবস্থাগ্রহণের জন্য আইজিপি বরাবর অনুরোধ জানানো হয়েছে ওই চিঠিতে।
সূত্র জানা গেছে, নামেবেনামে ডিআইজি মিজানের শতকোটি টাকার সম্পদ রয়েছে বলে অভিযোগ আছে দুদকের কাছে। সেই অভিযোগ যাচাই-বাছাইয়ের অংশ হিসেবে দুদকের উপপরিচালক ফরিদ আহমেদ পাটোয়ারীকে ১০ ফেব্রুয়ারি অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেয়া হয়।
এরই পরিপ্রেক্ষিতে ফরিদ আহমেদ পাটোয়ারীর স্বাক্ষরে বিভিন্ন সংস্থায় আয়ের বিষয়ে জানতে তথ্য এনবিআর, বাংলাদেশ ব্যাংক, ঢাকা ও বরিশাল জেলা রেজিস্ট্রার, বিআরটিএ, রাজউক, রিহ্যাবসহ সংশ্লিষ্ট অফিসে চিঠি দেয়া হয়েছিল।
এসব স্থাবর-অস্থাবর সম্পদের তথ্য হাতে আসায় ডিইজি মিজানকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকে তলব করা হয়েছে।
উল্লেখ্য, এক নারীকে তুলে নিয়ে জোরপূর্বক বিয়ে করায় আলোচনায় আসেন ডিআইজি মিজানুর রহমান। পরবর্তীতে এক সংবাদ পাঠিকাকে উত্যক্ত ও প্রাণনাশের হুমকি’সহ অবৈধভাবে বিপুল পরিমান সম্পদ অর্জন ও দুর্নীতিতে সম্পৃক্ততার অভিযোগ ওঠে এ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে।
এমবি





