বন্ধ থাকা বেসরকারি মোবাইল ফোন অপারেটর সিটিসেলের সংযোগ ২৪ ঘণ্টার মধ্যে দিতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনকে (বিটিআরসি) এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
বিটিআরসির বিরুদ্ধে সিটিসেলের করা আদালত অবমাননার আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে ৩ সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।
আজ আদালতে সিটিসেলের পক্ষে ছিলেন অ্যাডভোকেট আহসানুল করিম।
গতকাল সোমবার বন্ধ থাকা সিটিসেলের লাইসেন্স বাতিলের চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সরকার। বিটিআরসির চেয়ারম্যান শাহজাহান মাহমুদ জানান, সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে অনুমতি পাওয়ার পর সোমবার কমিশনের বিশেষ সভায় সিটিসেলের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়।
বিটিআরসির কাছে পৌনে ৫০০ কোটি টাকা বকেয়া থাকায় গত বছরের ২১ অক্টোবর সিটিসেলের তরঙ্গ বন্ধ করে দেয় সরকার। দেনা পরিশোধের প্রতিশ্রুতিতে আদালতের নির্দেশে ১৭ দিন পর সংযোগ ফিরে পায় সিটিসেল। তবে এরপর থেকে সিটিসেলের কোনো গ্রাহক ছিল না।
দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর কোম্পানি সিটিসেলের ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ারের মালিক বিএনপি নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানের প্যাসিফিক মোটরস লিমিটেড।এছাড়া ফার ইস্ট টেলিকম লিমিটেড ১৭ দশমিক ৫১ শতাংশ শেয়ার ও সিঙ্গাপুরের প্রতিষ্ঠান সিংটেলের ৪৫ শতাংশ শেয়ার রয়েছে।
এমবি





