নকল ঔষধ তৈরী করে বাজারজাত করার অভিযোগে এক ব্যক্তিকে দুই বছরের কারাদন্ড দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত।
একই সঙ্গে ২ লাখ টাকা অর্থদন্ডও প্রদান করা হয়। বুধবার দুপুরে রাজধানীর তোপখানা রোডের নাভানা কোম্পানির ঔষধ নকল করার অপরাধের এই কারাদন্ড দেন।  

দন্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমিনুল এহসান (৩৮)। র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আনোয়ার পাশা এই দন্ড প্রদান করেন।

র‌্যাব-২ এর অপারেশন অফিসার রায়হান উদ্দীন খান টাইমনিউজবিডি’কে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে একটি চক্র নাভানা কোম্পানির এন্টিবায়েটিক কিছু ঔষধ একটি চক্র মোড়ক ও লেভেল নকল করে বাজারজাত করে আসছে।
এ খবরের ভিত্তিতে র‌্যাবের একটি দল রাজধানীর তোপখানা রোডের ২৭/৭ বাসায় অভিযান পরিচালনা করে। এ সময় বিপুল পরিমান নকল ঔষধ ও নকল ঔষধ তৈরীর উপকরণ উদ্ধার করে।


এ সময় নকল ঔষধ তৈরীর সঙ্গে জড়িত আমিনুল এহসানকে আটক করা হয়। তিনি বলেন, উদ্ধারকৃত ঔষধের আনুমানিক মূল্য প্রায় ৮ লাখ টাকা।
পরে সেখানে ভ্রাম্যমান আদালত বসানো হয়। আমিনুলকে নকল ঔষধ তৈরী ও বাজারজাত করার অভিযোগে ২ বছরের কারাদন্ড ও ২ লাখ টাকা জরিমানা করা হয়।

র‌্যাবের ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান অপারেশন অফিসার রায়হান উদ্দীন খান।

ঢাকা, জেইউ, ৯ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসআর