রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার হাতিরঝিল সিদ্দিক মাস্টারের ঢালে পুলিশের গুলিতে স্বামী ইউসুফ আলী হাওলাদার (৩৫) নিহত হয়েছেন বলে অভিযোগ স্ত্রী রোকসানা আক্তারের।

তবে পুলিশের দাবি, মঙ্গলবার ভোরে ছিনতাইকাজে বাধা দেওয়ার সময় সংঘটিত ‘বন্দুকযুদ্ধে’ ইউসুফ আলী হাওলাদার গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় জাতীয় অর্থপেডিক্স হাসপাতালে (পঙ্গু হাসপাতাল) মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

ময়নাতদন্তের জন্য লাশ মঙ্গলবার রাত ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে আনা হয়েছে।

নিহত ইউসুফ আলী হাওলাদার সাভার উপজেলার কমলাপুর এলাকার আবদুল আলিফের ছেলে।

নিহতের স্ত্রী রোকসানা আক্তার জানান, তার স্বামী পরিবারের অন্য সদস্যদের নিয়ে আগারগাঁওয়ের ৩৭০ নম্বর বাসায় ভাড়া থাকেন। তিনি প্রাইভেটকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

রোকসানা আক্তার দাবি করেন, রবিবার রাত ১১টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ ৬০ ফিট রাস্তা থেকে কোনো কারণ ছাড়া তার স্বামীকে ধরে নিয়ে যায়। সোমবার বিকেল ৩টার দিকে অজ্ঞাতপরিচয় একজন মোবাইল ফোনে জানান, তার স্বামী থানায় আটক আছেন। থানায় গিয়ে দেখেন তার স্বামী সুস্থ অবস্থায় হাজতে আটক। ওই সময় স্বামী তাকে জানান, জোর করে তাকে ধরে আনা হয়েছে। পুলিশ তাকে ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করতে বলছে। পরে তিনি থানা থেকে বাসায় চলে আসেন।

তিনি আরও জানান, মঙ্গলবার ভোরে জাতীয় অর্থপেডিক্স হাসপাতালের এক স্টাফ মোবাইল ফোনে তাকে জানান, তার স্বামী গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন। সকালে হাসপাতালে গিয়ে তিনি দেখেন স্বামীর ডান পায়ে দুটি গুলি লেগেছে। তাকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।

অভিযোগ প্রসঙ্গে তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সেলিম মিয়া জানান, মঙ্গলবার ভোরে হাতিরঝিল সিদ্দিক মাস্টারের ঢালে প্রাইভেটকারে চার ছিনতাইকারী ছিনতাই করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করে এবং পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে একজন গুলিবিদ্ধ হয়। চিকিৎসাধীন অবস্থায় ওই ছিনতাইকারী জাতীয় অর্থপেডিক্স হাসপাতালে বিকেলে মারা যায়।

এএইচ