নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেওয়া হাইকোর্টের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।

সোমবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেয়।

এই আদেশের ফলে মির্জা ফখরুলের মুক্তি পেতে আর কোনো বাধা রইল না বলে সাংবাদিকদের জানিয়েছেন তার আইনজীবীরা।

গত ২৬ নভেম্বর মির্জা ফখরুলের জামিন স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। পরে সুপ্রিমকোর্টের চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সেটি আপিল বিভাগে শুনানির জন্য ৩০ নভেম্বর দিন ধার্য করেন।

এর আগে গত ২৪ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ মির্জা ফখরুলকে তিন মাসের অন্তর্বর্তীকালীন জামিন দেয়।

আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন- জয়নুল আবেদিন ও সগীর হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মমতাজ উদ্দিন ফকির।

গত ২ নভেম্বর মির্জা ফখরুলকে আত্মসমর্পণ করার নির্দেশ দেয় সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। পরদিন মির্জা ফখরুল বিচারিক আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন।

এর আগে গত ২১ জুন ওই তিন মামলায় ফখরুলকে জামিন দেয় হাইকোর্ট। পরে হাইকোর্টের জামিন আপিল বিভাগ বহাল রাখে। সে সময় মুক্তি পেয়ে উন্নত চিকিৎসার জন্য বিদেশে যান বিএনপর এই নেতা।

এরপর চিকিৎসা শেষে দেশে ফিরে আবেদন জানিয়ে আত্মসমর্পণের মেয়াদ দুই দফা বাড়িয়ে নেন মির্জা ফখরুল।

নাশকতার কাজে উস্কানি, প্ররোচণা ও পরিকল্পনা অনুযায়ী পল্টন এবং মতিঝিল এলাকায় হরতালের মধ্যে গাড়ি ভাঙচুরের ঘটনায় চলতি বছরের ৪ ও ৬ জানুয়ারি এসব মামলা দায়ের করে ওই দুই থানার পুলিশ। পরে ৬ জানুয়ারি তাকে জাতীয় প্রেসক্লাব থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

এমকে