বিসমিল্লাহ গ্রুপের ঋণ জালিয়াতির  মামলার আসামি গোলাম মহিউদ্দিন আহাম্মেদকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার দুপুর ১টায় সেগুনবাগি এলাকা থেকে  দুদকের সহকারী পরিচালক  মো. মাহবুবুল আলম তাকে গ্রেফতার করেন। পরে  রমনা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন দুদকের জনসংযোগ কর্মকর্তা উপ পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য।

দুদক সূত্রে  জানা যায়,  আসামি গোলাম মহিউদ্দিনের বিরুদ্ধে ভুয়া ও অস্তিত্বহীন বে-ইয়ান নামক প্রতিষ্ঠান  দেখিয়ে  প্রাইম ব্যাংক ও প্রিমিয়ার ব্যাংকের মতিঝিল শাখা  থেকে ব্যাংক টু ব্যাংক এলসির বিপরীতে ৩০০ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ করেন।

তিনি কোনো রকম পণ্য সরবরাহ না করে  ওই টাকা টাকা আত্মসাৎ করে দাপটের সঙ্গে ঘুরে বেড়াচ্ছেন।  তার বিরুদ্ধে ২০১৩ সালের ৩ নভেম্বর মতিঝিল থানায় চারটি মামলা দায়ের করে দুদক।

ঢাকা, একে, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর