সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আবদুল মান্নান খানের স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অনুমোদনের জন্য দুদকের সংশ্লিষ্ট শাখায় প্রতিবেদনটি জমা দেয়া হয়েছে।

ফলে অনুমোদনের পর যে কোনো সময় মান্নান খানের স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হতে পারে।

রমনা মডেল থানায় দুদক আইনের ২৬(২) ও ২৭(১) ধারায় মামলাটি দায়ের করবেন দুদক উপ পরিচালক মোঃ নাসির উদ্দিন।

তবে দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, মামলার চূড়ান্ত অনুমোদন এখনো দেয়া হয়নি।

জানা যায়, তার বিরুদ্ধে সাড়ে ৩ কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত অর্থাৎ অবৈধ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগ রয়েছে দুদকে। আর এ ২ ধারায় সবোর্চ্চ সাজা ১০ বছরের শাস্তির বিধান রয়েছে।

দুদকে আরও অভিযোগ রয়েছে মান্নান আনের অধিকাংশই সম্পদই তার স্ত্রী সৈয়দা হাসিনা সুলতানার নামে রয়েছে।

জানা যায়, গত ২১ আগস্ট দুদকের ওই কর্মকর্তা রমনা মডেল থানায় সাবেক প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান ৯৬ লক্ষ ৮৯ হাজার ৯৫৯ স্থাবর সম্পদের মধ্যে ৪ লক্ষ ৫৯ হাজার ৫৯৭ টাকার তথ্য গোপন এবং দুর্নীতির মাধ্যমে ৭৫ লক্ষ ৪ হাজার ২৬২ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়ের করেন।

দুদক সূত্র মতে, মান্নান খান গত ৯ এপ্রিল দুদক সচিবের দফতরে ২ কোটি ২২ লাখ ৯৬ হাজার ৩১৬ টাকার স্থাবর সম্পদ এবং ৯৩ লক্ষ ৫হাজার ৩৬২ টাকার অস্থাবর সম্পদের বিবরণী জমা দেন।

তার ক্রয়কৃত স্থাবর সম্পদের মূল্য ৪১ লাখ ১০ হাজার টাকা এবং অস্থাবর সম্পদ ৯২ লাখ ৩০ হাজার ৩৬২ টাকা।

অর্থাৎ তার ১ কোটি ৩৩ লক্ষ ৩০ হাজার ৩৬২ টাকার সম্পদ রয়েছে। তিনি ৪ লাখ ৫৯ হাজার ৫৯৭ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন।

তার মালিকানাধীন ১ কোটি ৩৮ লাখ ১৩৭ টাকার সম্পদ অর্জনকালে জ্ঞাত আয়ের পরিমাণ ছিলো ৬২ লাখ ৯৫ হাজার ৮৭৫ টাকা। তিনি দুর্নীতির মাদ্যমে ৭৫ লক্ষ ৪ হাজার ২৬২ টাকার সম্পদ অর্জন করেন।

ঢাকা, একে, ৯ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর