আন্তর্জাতিক বাজারে দাম কমলেও এলপি (সিলিন্ডার) গ্যাসের দাম কেন পুনর্নির্ধারণ করা হবে না তা জানতে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যানকে ওই রুলের জবাব দিতে বলা হয়েছে।

এক আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার হাইকোর্টের বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

গ্যাসের দাম পুনর্নির্ধারণ না করার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করে ভোক্তা অধিকার সংস্থা ক্যাব। আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. সাইফুল আলম।

তিনি জানান, ২০০৯ সালে ১২.৫ কেজি ওজনের এলপিজি সিলিন্ডারের দাম ৭০০ টাকা নির্ধারণ করে বিইআরসি। এরপর আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম কয়েক দফা কমলেও দেশে গণশুনানি করে দাম পুনর্নির্ধারণ করা হয়নি। ৭ বছর ধরে একই দাম রাখা হয়েছে।

এ পরিপ্রেক্ষিতে সিলিন্ডারের দাম পুনর্নির্ধারণের নির্দেশনা চেয়ে গত ৩১ জুলাই বিইআরসিতে আবেদন করে ক্যাব। তবে আবেদনটি নিষ্পত্তি না করে ঝুলিয়ে রাখে বিইআরসি। পরবর্তীতে তারা আদালতে রিট করেন।


এমএনজে