তার অবসরের পর লেখা পূর্ণাঙ্গ রায় ও আদেশ গ্রহণ করতে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন আপিল বিভাগের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক।
রোববার বেলা ১১টার দিকে ব্যক্তিগত পিয়নের মাধ্যমে প্রধান বিচারপতি এস কে সিনহা বরাবর লেখা এ চিঠি পাঠান বলে সাংবাদিকদের জানিয়েছেন তিনি।
অবসরে গিয়ে রায় লেখা সংবিধানপরিপন্থী সম্প্রতি প্রধান বিচারপতির এমন বক্তব্যের সমালোচনা করেছেন বিচারপতি মানিক।
গত বছরের ১ অক্টোবর অবসরে যান বিচারপতি মানিক। অবসরে যাওয়ার পরপরই সব সুযোগ-সুবিধা কেড়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করেন সাবেক এ বিচারপতি। রায় লেখার পর জমা দিতে গেলেও তা নেয়া হয়নি বলে জানান তিনি। এ জন্য দু’দফা চিঠিও দেয়া হয়েছে।
অবসরের পর রায় গ্রহণ না করার বিষয়ে প্রধান বিচারপতির বক্তব্য উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেন আলোচিত-সমালোচিত এ বিচারপতি।
অবসরে যাওয়ার সময় সাবেক এ বিচারপতির কাছে ১৯৬টি মামলার রায় লেখার অপেক্ষায় ছিল। এমনকি হাইকোর্টে থাকাকালীন যেসব রায় দিয়েছিলেন তার মধ্যেও কিছু রায় লেখার অপেক্ষায় ছিল।
এ ছাড়াও বিভিন্ন ইস্যুতে প্রধান বিচারপতির সঙ্গে তার মতানৈক্য দেখা দেয়। এ নিয়ে এর আগে একাধিকবার প্রধান বিচারপতিকে চিঠিও দেন শামসুদ্দিন চৌধুরী। এক পর্যায়ে প্রধান বিচারপতির অভিশংসন চেয়ে রাষ্ট্রপতিকেও চিঠি দেন আলোচিত এই বিচারপতি।
এ ছাড়া বিভিন্ন সময়ে টিভি টকশোতে অংশ নিয়ে প্রধান বিচারপতির বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খুলেছেন বিচারপতি মানিক।
এমকে





