প্রেস স্টিকারযুক্ত যানবাহনের মালিকের সঠিক পরিচয় জানতে অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসময় কাগজপত্র না থাকায় বেশ কয়েকটি গাড়ী আটক ও মোটরসাইকেল আরোহীর নামে মামলা রুজু করা হয়েছে।

শুক্রবার রাতে ডিএমপির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে উল্লেখ করা হয়েছে, বৃহস্পতিবার রাত ৯ টা হতে ১১ টা পর্যন্ত মিরপুর এলাকায় প্রেস স্টিকারযুক্ত মোটর সাইকেল পরীক্ষা করা হয়। এসময় শতাধিক মোটরসাইকেলের কাগজপত্র পরীক্ষা করা হয়। পরীক্ষায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ৩৩টি মোটর সাইকেলের চালকের বিরুদ্ধে মামলা রুজু করা হয়। এছাড়া কাগজপত্র না থাকায় ১৭টি গাড়ি আটক করা হয়।

ডিএমপি’র ট্রাফিক বিভাগ, মিরপুর বিভাগ, মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ ও ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (ক্র্যাব) নেতৃবৃন্দের সমন্বয়ে অভিযান পরিচালিত হয়। ডিএমপি’র পক্ষে ডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মো. মাসুদুর রহমান, এডিসি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস মোহাম্মদ সাইদুর রহমান এবং ক্রাবের সভাপতি আখতারুজ্জামান লাভলু, সাধারণ সম্পাদক আবু সালেহ আকনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকা, ২৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই