মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইড কর্মকর্তা জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যার ঘটনায় চাকরিচ্যুত মেজর জিয়াসহ ৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।

এ হত্যাকাণ্ডে অংশ নেয় ১৩ জন। তাদের মধ্যে ৮ জনের নাম-ঠিকানা পাওয়া গেলেও বাকি ৫ জনের শুধু সাংগঠনিক নাম পাওয়া গেছে। পূর্ণ নাম-ঠিকানা পাওয়া যায়নি। তাদের আপাতত মামলায় দায় থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

পরবর্তীতে তাদের নাম-ঠিকানা পাওয়া গেলে অধিকতর চার্জশিট দেওয়া হবে মর্মে চার্জশিটে উল্লেখ করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপি’র কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) পরিদর্শক মুহম্মদ মনিরুল ইসলাম।

এ মামলায় আসামিরা হলেন, আনসার আল ইসলামের মিডিয়া শাখার প্রধান এবং ইন্টেলিজেন্স সদস্যমোজাম্মেল হুসাইন ওরফে সায়মান (২৫), সামরিক শাখার সদস্য ও সমন্বয়ক মো. আরাফাত রহমান (২৪),  ইন্টেলিজেন্স শাখার প্রধানশেখ আব্দুল্লাহ (২৭),সামরিক শাখার সদস্য, আসাদুল্লাহ ওরফে ফয়সল (২৫), সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া (৪২) (চাকুরিচ্যুত মেজর), আকরাম হোসেন (৩০); সাব্বিরুল হক চৌধুরী (২৬)ও মো. জুনাইদ আহমদ ওরফে মাওলানা জুনেদ আহম্মদ ওরফে জুনায়েত (২৬)।

চার্জশিটে উল্লেখ করা হয়, নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী সংগঠন আনসার আল ইসলামের নেতা চাকুরিচ্যুত মেজর সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়ার নির্দেশেই সংগঠনটির সামরিক শাখার সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটান।

অভিযুক্তদের মধ্যে প্রথম চারজন কারাগারে আটক আছেন। বাকি চারজন পলাতক রয়েছেন।

চার্জশিটে আরও উল্লেখ করা হয়, এ হত্যাকাণ্ডে আনসারুল্লাহ বাংলা টিমের মোট ১৩ জন সদস্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অংশ নেন। দুটি গ্রুপের সমন্বয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। একটি কিলিং গ্রুপ অন্যটি ইনটেল গ্রুপ। কিলিং গ্রুপের পাঁচ সদস্যের চারজনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে।

সমকামীদের অধিকার বিষয়ক পত্রিকা ‘রূপবান’এর সম্পাদক জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব তনয়কে সমকামিতায় সমর্থন দেওয়ার জের ধরেই তাদের হত্যা করা হয় মর্মে চার্জশিটে উল্লেখ করা হয়েছে।

আসামিদের মধ্যে মোজাম্মেল হোসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান ওরফে সিয়াম, রশিদ উন নবী ভুইঞা ও শেখ আব্দুল্লাহ ওরফে জোবায়ের গত বছরের ২২ জুলাই খুনের দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ্য, ২০১৬ সালের ২৫ এপ্রিল বিকেলে কলাবাগান লেক সার্কাস লাল ফকিরের মাজার এলাকায় ৩৫ নম্বর আছিয়া নিবাসের দ্বিতীয় তলায় জুলহাস মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে হত্যা করা হয়।জুলহাস মার্কিন দূতাবাসের সাবেক প্রটোকল অফিসার ও ইউএস এইডে কর্মরত ছিলেন। নিহত আরেকজন জুলহাসের বন্ধু থিয়েটার নাট্যকর্মী মাহবুব রাব্বী তনয়।

গত বৃহস্পতিবার (২৫ জুলাই) আদালতে চার্জশিট দাখিল করা হলেও রোববার তা জানা যায়।

এসএম