জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে খাদ্য দ্রব্যের অতিরিক্ত বিল ভাউচারে ১০ লাখ ১৯ হাজার ৩৪৬ টাকা আত্মসাতের ঘটনায় ওই প্রতিষ্ঠানের সচিব মুন্সী সাজ্জাদ হোসেনসহ তিন জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার দুদকের নিয়মিত সভায় অনুসন্ধানী কর্মকর্তা উপপরিচালক নুরুল হকের প্রতিবেদনটি আমলে নিয়ে দণ্ডবিধি ৪০৯/১০৯ এবং ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের অনুমোদন দেয়া হয়।
দুদকের জনসংযোগ কর্মকর্তা ও উপপরিচালক প্রণব কুমার ভট্টাচার্য্য টাইমনিউজবিডিকে এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আরো জানান, যে কোনো সময় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের হবে।
অনুসন্ধানী কর্মকর্তার প্রতিবেদনে বলা হয়েছে, জাতীয় বক্ষব্যাধি হাসপাতালের সচিব মুন্সী সাজ্জাদ হোসেন, ষ্টোর কিপার মো. জাহাঙ্গীর আলম এবং ঠিকাদারী প্রতিষ্ঠান যুথি নিপুন ভাইবোন ট্রের্ডাস মালিক হাসিনা বেগম পরস্পর যোগসাজশে হাসপাতালে সরবরাহ করা খাদ্য দ্রব্যের মূল্যের তালিকায় অতিরিক্ত টাকার বিল দাখিল করে এ টাকা আত্মসাৎ করেন।
২০১১-১২ অর্থ বছরে ওই ঠিকাদারী প্রতিষ্ঠান বিলে চালের কেজি ৩৭ টাকার স্থলে ৫১ টাকা, মশুরের ডালের কেজি ৮৮ টাকার স্থলে ১০৫ টাকা, সয়াবিন তেলের লিটার ১১৬ টাকার স্থলে ১২৫ টাকা, গুড়া দুধ ৫৪৮ টাকা স্থলে ৬০০ টাকা, তরল দুধ ৬০ টাকার স্থলে ৭০ টাকা দর লিখে বিল তৈরি করেন। এ চক্রটি ১০ লাখ ১৯ হাজার ৩৪৬ টাকা আত্মসাৎ করেছে।
[b]ঢাকা, একে, ৯ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এআর
[/b]
অপরাধ
বক্ষব্যাধি হাসপাতালের সাড়ে ১০ লাখ টাকা আত্মসাৎ
জাতীয় বক্ষব্যাধি ইন্সটিটিউট ও হাসপাতালে খাদ্য দ্রব্যের অতিরিক্ত বিল ভাউচারে ১০ লাখ ১৯ হাজার ৩৪৬ টাকা আত্মসাতের ঘটনায় ওই প্রতিষ্ঠানের সচিব মুন্সী সাজ্জাদ হোসেনসহ তিন জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)





