রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আটক তিনজনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আটক ব্যক্তিরা হলেন- রাবি ছাত্র রহমত উল্লাহ ওরফে শাহীন (২৪), আবদুস সাত্তার (৬৫) ও তার ছেলে রিপন আলী (৩৮)।

মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, ডিবি) রেজাউস সাদিক জানান, দুপুরে পুলিশ কমিশনার কার্যালয়ে সংবাদ সম্মেলনের পর তাদের রাজশাহীর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-১ মকসেদা আজগরের আদালতে হাজির করা হয়। এ সময় তাদের দশদিন রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হলে শুনানি শেষে বিচারক পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে এ ঘটনায় গ্রেফতার জেএমবি সদস্য মাসকাওয়াথ হাসান ওরফে সাকিব ওরফে আবদুল্লাহ (২৩) তার জবানবন্দিতে জানান, কিলিং মিশনে ঘটনাস্থলে গিয়েছিলো চারজন। এর মধ্যে তিনজন সরাসরি হত্যায় অংশ নেয়। আরেকজন মোটরসাইকেল নিয়ে দাঁড়িয়ে ছিলো। ড. রেজাউল করিমকে হত্যার পর দু’জন মোটরসাইকেলে ও অপর দু’জন অন্যভাবে পালিয়ে যায়।

হত্যাকাণ্ডের পর তারা রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন খরখড়ি এলাকায় একটি বাড়িতে আশ্রয় নেয়। এ ঘটনায় তার দেওয়া তথ্যানুযায়ী, পুলিশ আশ্রয়দাতা এ তিনজনকে আটক করে।

২৩ এপ্রিল (শনিবার) সকাল পৌনে ৮টার দিকে রাজশাহীর শালাবাগান এলাকায় নিজ বাসার অদূরে অধ্যাপক ড. রেজাউল করিমকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

এ ঘটনায় অজ্ঞাত দুর্বৃত্তদের আসামি করে ওইদিন বিকেলেই তার ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে মহানগরীর বোয়ালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি অধিকতর তদন্তের জন্য ওইদিনই মহানগর ডিবি পুলিশের কাছে স্থানান্তর করা হয়।

এমআইএস