প্রতারণার অভিযোগে ৪ নাইজেরিয়সহ ৬ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গ্রেপ্তারকৃতরা অধিক লাভের প্রলোভন দেখিয়ে বায়ো লিভিয়া হারবাল গাছের বীজ বিক্রির নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিল।

বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-২ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

র‌্যাব আরও জানায়, বুধবার ক্রেতা সেজে সৈয়দ তাসলিম সাদাত ওয়াসতি ও সায়েমা সাইদুর ওরফে বৃষ্টি ওরফে সোনিয়াকে মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেপ্তার করা হয়।

এ সময় বাসার মূলগেটের সামনে ফুটপাত থেকে ২৪টি বীজ উদ্ধার করা হয়।

পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে নাইজেরিয়ার নাগরিক মধুবুকি ওনিয়া, এনসু ছাইমেজি, মেক ডোলান্ড ও মাধুবুকি খ্রিস্টানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা অনলাইনে মনোলোভা বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা সংগ্রহ করে ভূয়া পণ্য বিক্রি করে আসছিল।

অনেক ভুক্তভোগী র‌্যাবের কাছে লিখিত অভিযোগে বলেছেন, এ বীজ বিভিন্ন আয়ুর্বেদিক ওষুধ কোম্পানিতে বিক্রি করলে প্রচুর লাভ হবে- এই প্রলোভন দেখিয়ে মোটা অঙ্কের টাকার বিনিময়ে বীজ দেয়। এসব বীজ কিনে বিভিন্ন আয়ুর্বেদিক কোম্পানিতে নিয়ে গেলে জানা যায়, এগুলো সম্পূর্ণ ভুয়া।

এফএফ