গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে চিহ্নিত করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এই চারজনকে ১ জুলাই রাতে গুলশান হামলার দিন রেস্তোরাঁর সামনের সড়কে দেখা গিয়েছিল।

সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ দেখে র‌্যাব এদের চিহ্নিত করেছে। এই চারজনের ভিডিও ফুটেজ র‌্যাব তাদের ফেসবুক পেজে আপলোড করেছে। র‌্যাব সদর দপ্তর থেকে তাদের ধরিয়ে দিতে অনুরোধ করা হয়েছে।

চারজনের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী। এর পাশাপাশি সিলভার রঙের একটি মাইক্রোবাসকেও সন্দেহ করছে র‌্যাব।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মোহাম্মদ মুফতি মাহমুদ বলেন, ভিডিও দেখে এই চারজনকে সন্দেহ করা হচ্ছে। তারা ওই দিনের ঘটনায় জড়িত থাকতে পারে। ভিডিও দেখে কেউ এদের শনাক্ত করতে পারলে ধরিয়ে দিতে তিনি অনুরোধ করেন।

সন্দেহভাজন এই চারজনের কারো সন্ধান পেলে র‌্যাব এই (+৮৮০১৭৭৭৭২০০৫০) নাম্বারে সেই তথ্য জানানোর জন্যও র‌্যাবের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়।

ভিডিওতে এই চারজনকে কয়েকবার আসা-যাওয়া করতে দেখা গেছে। একে অন্যের সঙ্গে কথা বলতে দেখা গেছে। এরা একটি জায়গাতেই অবস্থান করছিল।

উল্লেখ্য, গত ১ জুলাই রাতে গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় জঙ্গিরা। তারা ১৭ বিদেশীসহ ৩ বাংলাদেশীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এছাড়া তাদের ছোড়া গ্রেনেডে পুলিশের ২ কর্মকর্তা নিহত হন।

পরদিন শনিবার সেনাবাহিনীর নেতৃত্বে কমান্ডো অভিযান 'অপারেশন থান্ডারবোল্ড' পরিচালনায় নিহত হয় ৬ জঙ্গি।

কেবি