অপহৃত হওয়ার মাত্র ১ ঘণ্টার মাথায় দৈনিক ইনকিলাবের সহকারী সম্পাদক আব্দুল আউয়াল ঠাকুরকে উদ্ধার করা হয়েছে। একইসঙ্গে আটক করা হয়েছে কয়েকজন অপহরণকারীকে।
বৃহস্পতিবার বেলা আনুমানিক ১১টায় রাজধানীর কলাবাগান থেকে অপহরণ করে অজ্ঞাত পরিচয় দুর্বৃত্তরা। অপহরনের ঘণ্টাখানেকের মধ্যে কলাবাগান থানা পুলিশের মোবাইল টিম গাড়িসহ অপহরণকারীদের আটক করে আউয়াল ঠাকুরকে উদ্ধার করে।
কলাবাগান থানার অফিসার ইনচার্জ (ওসি) ইকবাল হোসেন জানান, সাংবাদিকদের কাছ থেকে অপহরণের বিষয়টি জানার পর এ ব্যাপারে পুলিশের মোবাইল টিমগুলোকে সতর্ক করা হয়। তারা দ্রুতই গাড়িসহ কয়েকজন অপহরণকারীকে আটক করতে সক্ষম হয়।
আটককৃতদের থানায় এসে জিজ্ঞাসাবাদ করা হবে বলেও জানান তিনি।
ইনকিলাব পত্রিকার রিপোর্টার আতিকুর রহমান বলেন, আউয়াল ভাই তার মিরপুরের বাসা থেকে ব্যক্তিগত কাজে কলাবাগান যাচ্ছিলেন। সেখান থেকে তার অফিসে আসার কথা ছিলো।
কিন্তু বেলা ১১টার দিকে কলাবাগান থেকে অস্ত্রের মুখে কয়েকজন লোক তাকে প্রাইভেট কারে তুলে নিয়ে যায়। সেসময় তিনি আমাদের পত্রিকার কয়েকজনকে বিষয়টি মোবাইলে জানাতে সক্ষম হন।
ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসআর





