শুল্ক আইন লঙ্ঘনের দায়ে গোল্ডেন সন লিমিটেডের বন্ড লাইসেন্স বাতিল করেছে কাস্টমস বন্ড কমিশনারেট।পাশাপাশি ৪৩ কোটি ২৯ লাখ ১ হাজার ৮১১ টাকা জরিমানা করা হয়েছে কোম্পানিটিকে।
পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত ওই কোম্পানিকে আগামী রোববারের মধ্যে জরিমানার টাকা ট্রেজারি চালানের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দেয়ার আদেশ দিয়েছে কাস্টমস বন্ড কমিশনারেট।
শুল্কমুক্ত সুবিধার আওতায় আমদানি করা কাঁচামাল বন্ডেড ওয়ারহাউস থেকে অবৈধ স্থানান্তর করে শুল্ক আইন লঙ্ঘন করার অভিযোগ আনা হয়েছে কোম্পানিটির বিরুদ্ধে।বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এসব তথ্য দেয়া হয়। এর আগে গত ২৯ অক্টোবর এই আদেশ জারি করা হয়।
এদিকে লাইসেন্স বাতিল ও জরিমানার খবরের মধ্যে বুধবার ডিএসইতে গোল্ডেন সনের শেয়ারের দর আগের দিনের চেয়ে ৩০ পয়সা বা ২ দশমিক ১১ শতাংশ কমে ১৩ টাকা ৯০ পয়সায় লেনদেন হয়।
এ দিন কোম্পানিটির বাজার মূলধন ছিল ২৪৩ কোটি ৮৫ লাখ টাকা। কোম্পানিটির প্রকৃত মূলধন ৫০০ কোটি টাকা ও পরিশোধিত মূলধন ১৭১ কোটি ৭৩ লাখ টাকা।উল্লেখ্য, ২০০৭ সালে তালিকাভুক্ত বি ক্যাটাগরিতে লেনদেনে থাকা কোম্পানিটি ২০১১ ও ২০১৫ সাল ছাড়া প্রতি বছরই বিনিয়োগকারীদের লভ্যাংশ দিয়েছে।
এমএ





