পাবনার সাথিয়া উপজেলায় নিজ বাড়িতে ঘুম থেকে ডেকে নিয়ে শাহ জামাল (৪৫) নামে আওয়ামী লীগ সমর্থিত এক ইউপি মেম্বারকে হত্যা করেছে দুর্বৃত্তরা।সোমবার রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বড়পাইকশা গ্রামে এ ঘটনা ঘটেছে।

নিহত শাহ জামাল উপজেলার ধোপাদহ ইউপি মেম্বার। তিনি একই উপজেলার বড়পাইকশা গ্রামের আয়নাল হকের ছেলে।

পরিবারের সদস্যরা জানান, রাত সাড়ে ১২টার দিকে দুর্বৃত্তরা শাহ জামালের শোবার ঘরে প্রবেশ করে। এ সময় দুর্বৃত্তরা তাকে ঘুম থেকে ডেকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে চলে যায়।

সাথিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, কী কারণে ওই ইউপি মেম্বারকে কুপিয়ে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

তিনি আরো জানান, নিহত ইউপি মেম্বারের মৃতদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল শেষে লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হবে।

এ ব্যাপারে এখনো কাউকে গ্রেফতার করা যায়নি। থানা মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।

এসএ/টাইম