দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলা চলতে কোন বাধা নেই।
দুদকের মামলায় অভিযোগ গঠন বাতিল চেয়ে মাহমুদুর রহমানের পক্ষে করা আবেদন খারিজ করে আজ আদেশ দেন হাইকোর্ট।
বৃহস্পতিবার দুপুরে বিচারপতি বোরহান উদ্দীন ও বিচারপতি কামরুল কাদের সমন্বিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালতে মাহমুদুর রহমানের পক্ষে শুনানি করেন এ জে মোহাম্মদ আলী ও তাজুল ইসলাম। অন্যদিকে এটর্নি জেনারেল মাহবুবে আলম ও দুদকের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম শুনানি করেন।
সূত্রে জানা গেছে, ২০১০ সালের ১৩ এপ্রিল দুদকের পক্ষ থেকে মাহমুদুর রহমানকে সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ দেওয়া হয়। মাহমুদুর রহমান হিসাব দাখিল না করায় একই বছরের ১৬ জুন গুলশান থানায় দুদকের পক্ষ থেকে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
এরপর ১৪ জুলাই এ মামলায় চার্জশিট দাখিল করে দুদক।বিচারিক আদালত এ বছরের ২৮ এপ্রিল মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে।
মাহমুদুর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বৈধতা চ্যালেঞ্জ করে গত ২৫ মে হাইকোর্টে আবেদন করেন তার আইনজীবীরা। অভিযোগ গঠন বাতিল ও মাহমুদুর রহমানের বিরুদ্ধে মামলার কার্যক্রম স্থগিতের আদেশ চাওয়া হয় আবেদনে।
উভয়পক্ষের শুনানি শেষে হাইকোর্ট আবেদন খারিজ করে দিয়ে মাহমুদুর রহমানের বিরুদ্ধে দুদকের মামলা চলতে বাধা নেই মর্মে আদেশ দিয়েছে।
ঢাকা, কেএ, ১১ সেপ্টেম্বর,টাইমনিউজবিডি.কম, এআর





