ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. শফিকুল ইসলাম মাসুদসহ ১৯ নেতাকর্মীকে আটক করা হয়েছে। রাজধানীর মোহম্মদপুরের লালমাটিয়া এলাকার জাকির হোসেন রোড়ের একটি বাসা থেকে শনিবার রাত সাড়ে আটটার দিকে তাদের আটক করে পুলিশ।

মোহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, আটকদের মধ্যে শিবিরের সাবেক একজন সভাপতি রয়েছে। তাদের থানায় এনে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানানো যাবে।

এদিকে রাত সাড়ে দশটার দিকে মোহাম্মদপুর থানার সিনিয়র এসি শেখ রাজিবুল হাসান বলেন, মোহাম্মদপুরের জাকির হোসেন রোডের ডি ৩৬ নাম্বার বাসার তিনতলা থেকে তাদের আটক করা হয়। 

এসি রাজিবুল জানান, তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন জামায়াতের কিছু লোক ওই বাসায় সরকারবিরোধী গোপন বৈঠক করছে। সেই সংবাদের ভিত্তিতেই অভিযান চালিয়ে ১৯ জামায়াত নেতা-কর্মীকে আটক করা হয়। 

আটককৃতদের মধ্যে আর কারা আছেন জানতে চাইলে এসি জানান, তারা যাচাই-বাছাই করছেন। এ ব্যাপারে পরে জানানো হবে। 

আটককৃতদের মোহাম্মদপুর থানা হাজতে রাখা হয়েছে। রোববার তাদেরকে আদালতে হাজির করা হতে পারে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।   

ঢাকা, ৯ আগস্ট, টাইমনিউজিবিডি.কম, জেএ