বিয়ের প্রস্তাব মেনে না নেয়ায় নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়িয়া গ্রামে প্রেমিক সজিবের (২০) বাড়িতে গিয়ে আত্মহত্যা করেছে প্রেমিকা শাপলা খাতুন (১৮)।

জানা যায়, উপজেলার ধারাবারিষা ইউনিয়নের উদবাড়িয়া গ্রামের খাদেম আলীর ছেলে রাজমিস্ত্রি সজিবের সাথে গত একবছর যাবৎ একই গ্রামের দিনমজুর আব্দুল করিমের মেয়ে শাপলা খাতুনের প্রেমের সম্পর্ক চলে আসছিল।

সম্প্রতি শাপলা খাতুন সজিবকে বিয়ের প্রস্তাব দিয়ে সে অভিভাবক দিয়ে প্রস্তাব পাঠানোর কথা বলে।

গত ১৭ সেপ্টেম্বর বুধবার শাপলা বিয়ের প্রস্তাব নিয়ে প্রেমিক সজিবের বাড়িতে অবস্থান নেয়। কিন্তু সজিবের অভিভাবক ৫ লাখ টাকা হলে বিয়ে দেবে বলে শাপলার পিতা আব্দুল করিমকে জানায়। এতে রাগে-অভিমানে সোমবার রাতে প্রেমিকা শাপলা প্রেমিক সজিবের বাড়িতেই বিষাক্ত ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করে।

এ ব্যাপারে শাপলার পিতা আব্দুল করিম বাদী হয়ে সজিব ও তার পিতা খাদেম আলীর বিরুদ্ধে গুরুদাসপুর থানায় মামলা করেছে। তবে শাপলার আত্মহত্যার পর থেকেই সজিব ও তার পরিবারের সবাই পলাতক আছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জামাত আলী জানান, শাপলার লাশ ময়না তদন্ত হয়েছে। মামলায় অভিযুক্ত আসামীদের গ্রেফতার করা হবে।

ঢাকা, ২৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ