ঢাকা ১৫ আসনের সরকার দলীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের দায়ের করা মানহানি মামলায় মাহামুদুর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে চার্জ শুনানির জন্য ২০১৫ সালের ৫ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার মামলাটির চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। মামলার প্রধান আসামি ‘আমারদেশ’ পত্রিকার সম্পাদক অন্য মামলায় কারাগারে আটক থাকায় তাকে আদালতে হাজির করা হয়নি।
মামলার বাদী কামাল আহমেদ মজুমদার আদালতে উপস্থিত ছিলেন।
ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাবরিনা আলী, মাহামুদুর রহমানকে আদালতে হাজির করতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়ে ৫ ফেব্রুয়ারি শুনানির জন্য দিন ধার্য করেছেন।
মামলার অন্যতম অসামি ‘আমারদেশ’ পত্রিকার স্টাফ রিপোর্টার নাসিরউদ্দিন শোয়েব আদালতে উপস্থিত ছিলেন। আমারদেশ পত্রিকার প্রকাশক হাসমত আলী আদালতে উপস্থিত না হওয়ায় তার পক্ষে সময়ের আবেদন করেছিলেন আইনজীবী জয়নুল আবেদিন মেজবাহ। বিচারক এ সময়ের আবেদন মঞ্জুর করেন।
২০১২ সালের ৫ জানুয়ারি ‘আমারদেশ’ পত্রিকায় ‘সাংসদ কামাল আহমেদ মজুমদার ও তার ছেলের সন্ত্রাসে অতিষ্ঠ মিরপুরবাসী’ শিরোনামে সংবাদ প্রকাশ করে।
প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘এমপি কামাল আহমেদ মজুমদার ও তার ছেলে জুয়েলের সন্ত্রাসী কর্মকাণ্ড এবং দখল বাণিজ্য ওপেন সিক্রেট। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই বেপরোয়া হয়ে ওঠে বাবা-ছেলে। বাবা-ছেলের দোর্দ- প্রতাপে রাজধানীর মিরপুর এলাকার মানুষ জিম্মি।’
মামলায় কামাল আহমেদ মজুমদার দাবি করেন, পত্রিকায় প্রকাশিত সংবাদটি মিথ্যা ও মানহানিকর। এ সংবাদ প্রকাশে দেশে ও বিদেশে তার মানহানি হয়েছে।
কেএইচ





