চট্টগ্রামে শিপমেন্টে পাঠানোর সময় ছিনতাইকৃত ৪৯৫ কার্টুন গার্মেন্টস পণ্য রাজধানীর উত্তরা থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত পণ্যের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা।
এ সময় উত্তরা পশ্চিম থানা পুলিশ পণ্য বহনকারী একটি কাভার্ট ভ্যান (চট্টমেট্রো ট-১১-২৯৫০) আটক করে।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন জানান, ১৫ জুন গাজীপুরের জয়দেবপুর থানাধীন ডেগেরচালা ইনডেসোর সোয়েটার্স লিমিটেড নামক গার্মেন্টস থেকে রপ্তানীমুখী ৪৯৫ কার্টুনে ১৮ হাজার ৮১০ পিস লেডিস সোয়েটার ভর্তি একটি কাভার্ড ভ্যান চট্টগ্রামের উদ্দেশে রওয়ানা হয়।
কাভার্ড ভ্যানটি মীরের বাজার হয়ে কালিগঞ্জ থানা এলাকায় একটি ব্রিজের কাছে পৌঁছালে, পেছন থেকে সবুজ রংয়ের একটি প্রাইভেট কার ডান দিক থেকে এসে কার্ভাড ভ্যানের সামনে দাঁড়ায়।
গাড়ি থেকে দুজন বের হয়ে একজন বাম পাশে ও অন্য জন ডান পাশ থেকে টানা হেঁচড়া করে কাভার্ড ভ্যানের ড্রাইভারকে সবুজ রংয়ের প্রাইভেট কারে উঠায়।
তারা মোট চার জন গাড়ি এবং কাভার্ড ভ্যান নিয়ে রওয়ানা হয় এবং কিছুদুর গিয়ে কাভার্ড ভ্যানের ড্রাইভারকে রাস্তায় ফেলে দিয়ে চলে যায়। যাওয়ার সময় তারা ড্রাইভারের কাছে থাকা টাকা এবং মোবাইল ফোন নিয়ে যায়।
তিনি আরো বলেন, ইনডেসোর সোয়েটার্স লিমিটেড কর্তৃপক্ষ পরিবহণ কর্তৃপক্ষের মাধ্যমে জানতে পারে মালামালসহ কাভার্ড ভ্যানটি ছিনতাই হয়েছে।
পরবর্তীতে উত্তরা পশ্চিম থানা পুলিশের সহায়তায় ওই ঠিকানা থেকে মালামাল উদ্ধার করে পুলিশ। পরে কাভার্ড ভ্যানটি এয়ারপোর্ট রোডের কাওলা ফুট ওভার ব্রিজের পাশে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে।
এ ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলেও জানান ওসি।
এমকে





