নাটোরে সিরিজ বোমা হামলা মামলায় অভিযুক্ত জেএমবির আত্মঘাতী স্কোয়াডের ৭ সদস্যের ৫ সদস্য সিহাব, দেলোয়ার, আব্দুর রশিদ, শহীদুল্লাহ ও হাফিজুলকে কঠোর নিরাপত্তায় আদালতে হাজির করা হয়েছে।

জেলার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রহিদুল ইসলামের আদালতে বুধবার দুপুরে হাজির করা হয়। পরে মোহাম্মদ হালিম, হারান প্রাং ও রায়েজুল ইসলাম নামে ৩ জন স্বাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক আগামী ২৭ আগস্ট মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। এ নিয়ে মোট ২৭ জনের স্বাক্ষী, জেরা ও জবানবন্দি গ্রহণ করা হলো।

জেএমবি মামলার আসামিদের হাজির করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর সকাল থেকেই পুলিশ ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আদালত চত্ত্বরসহ আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলে। আদালত এলাকায় প্রবেশের মুখে সাধারণ মানুষদের তল্লাশি করা হয়।

২০০৫ সালের ১৭ আগস্টে নাটোরে জজ আদালত, ডিসি অফিস, ট্রেজারি, বাসস্ট্যান্ড, পেট্রোলপাম্পসহ ৮টি স্থানে সকাল ১০ টা থেকে সাড়ে ১০ টার মধ্যে বোমা বিষ্ফোরণ ঘটে। পরে মামলায় তদন্তকারী কর্মকর্তা নাটোর সদর থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান তদন্ত শেষে আত্মস্বীকৃত জেএমবির সুইসাইড স্কোয়াডের সদস্য হাফিজুর ইসলাম, দেলোয়ার হোসেন, শিহাব উদ্দিন, মতিন, ফারুক, তারিক ও আবাদুর রশিদের নামে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতে ২০০৬ সালের ১৬ নভেম্বরে অভিযোগপত্র জমা দেন।

আদালত অভিযোগপত্র গ্রহণ করে বিচারের জন্য ২০০৬ সালের ২৯ নভেম্বর মামলাটি জজ আদালতে প্রেরণ করেন।

ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ