নারায়ণগঞ্জের সাত হত্যা মামলার ঘটনায় দায়ের করা প্যানেল মেয়র নজরুল ইসলাম সহ ৫জনকে হত্যা মামলায় নারায়ণগঞ্জে র‌্যাব-১১ এর স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানীর সাবেক ক্যাম্প কমান্ডার নৌ বাহিনীর চাকুরীচ্যুত কর্মকর্তা লে. কমান্ডার এম এম রানাকে আরো ৮ দিনের রিমান্ড দিয়েছে আদালত। এর আগে সাত হত্যা মামলার ঘটনায় ৫৪ ধারায় তাকে গ্রেফতার দেখানোর পর আদালত ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে তাকে ওই ঘটনায় দায়ের করা ৫ হত্যা মামলা শ্যোন এরেস্ট দেখিয়ে আরো ১০দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় মামলার তদন্তকারী কর্মকর্তা।
রোববার বিকেলে ৫টা ১০ মিনিটে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় এম এম রানাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়ার ম্যাজিস্ট্রেট কেএম মহিউদ্দিনের আদালতে হাজির করা হয়। শুনানী শেষে বিকেল ৫টা ৩৬ মিনিটে তাকে কঠোর নিরাপত্তায় আবারো নারায়ণগঞ্জ পুলিশ লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
এর আগে ২২ মে একই মামলায় তারেক সাঈদ ও আরিফ হোসেনকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর পর তাদের আবারো দ্বিতীয় দফায় ১০ দিন করে রিমান্ড আবেদন করলে সেদিন আদালত ৮দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সাত হত্যা মামলার ঘটনায় এম এম রানাকে গত ১৭ মে গভীর রাতে ঢাকার সেনানিবাস থেকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। ১৮ মে তাকে ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হলে ৭দিন রিমান্ড মঞ্জুর করে। পরে তাকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইনে জিজ্ঞাসাবাদ করে তদন্তের জন্য গঠিত পুলিশের উচ্চ পর্যায়ের ১২ সদস্যের টিম।
[b]ঢাকা, ২৫ মে (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]