উচ্চ আদালতের নির্দেশে দায়িত্ব নেওয়ার পরপর বরখাস্ত হওয়া সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী হাইকোর্টে রিট দায়ের করেছেন।
রিটে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করা হয়েছে। একইদিনে বরখাস্ত হওয়ায় রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলও রিট দায়েরের প্রস্তুতি নিয়েছেন।
মেয়র আরিফুলের আইনজীবী ব্যারিস্টার আবদুল হালিম কাফি বলেন, মেয়র আরিফুলকে বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিট দায়ে করা হয়েছে।
আগামীকাল (মঙ্গলবার) বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো. আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হতে পারে।
অপরদিকে রাজশাহীর মেয়র বুলবুলের আইনজীবী আমিনুল হক হেলাল জানান, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরখাস্তের আদেশ চ্যালেঞ্জ করে রিট দায়েরের প্রস্তুতি চলছে। সোমবারই হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় আবেদনটি দাখিল করা হবে।
প্রথমবার সাময়িক বরখাস্ত হওয়ার প্রায় দুই বছর পর ২ এপ্রিল উচ্চ আদালতের নির্দেশে আরিফুল ও বুলবুল মেয়রের দায়িত্ব নিতে নিজ নিজ নগর ভবনে যান। মেয়রের চেয়ারে বসতে না বসতেই তাঁরা ফের সাময়িকভাবে বরখাস্ত হন।
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, আরিফুলের বিরুদ্ধে একটি মামলায় গত ২২ মার্চ সুনামগঞ্জের বিশেষ ট্রাইব্যুনালে সম্পূরক অভিযোগপত্র গৃহীত হয়। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
অন্যদিকে, একটি মামলায় বুলবুলের বিরুদ্ধে অভিযোগপত্র গৃহীত হওয়ায় তাঁকেও সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
এমবি





