আদালতের ভেতর থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাকালে আজগর (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম আদালতে এ ঘটনা ঘটে।
কঠোর পুলিশি নিরাপত্তা সত্ত্বেও এ ধরণের ঘটনায় আদালত পাড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্বয়ং মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন।
আদালত সূত্রে জানা যায়, দুপুরে আদালতে বিচারকাজ চলাকালে আসামির ডকেটে থাকা ডাকাতি প্রস্তুতি মামলার আসামি শাহাদাতের হাতকড়া খুলে দেওয়ার চেষ্টা করে আজগর নামে এক ব্যক্তি। বিষয়টি চট্টগ্রাম মূখ্য মহানগর হাকিম মো. মশিউর রহমান চৌধুরীর নজরে আসে। তিনি তাকে আটক করার নির্দেশ দেন। এ সময় আজগর পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে ধরে আদালতে সোপর্দ করে।
আজগরের কাছে আসামির হ্যান্ডকাপের চাবি পাওয়া যায়। আদালত তাকে গ্রেফতার ও তার বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দেন। পরে কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে নিয়ে আসে।
এ সময় আদালতে আসামীর ডকেটে জেএমবি’র সদস্যরাও ছিল বলে জানা গেছে।
কোতোয়ালী থানার অফিসার ইন চার্জ (ওসি) এ কে এম মহিউদ্দিন সেলিম বলেন, ‘আদালতে ডাকাতির আসামিকে হাত কড়া খুলে দেওয়ার চেষ্টাকালে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। আসামির হাতকড়ার চাবি সাধারণ মানুষের কাছে কিভাবে গেল তাও খতিয়ে দেখা হচ্ছে।’
ঢাকা, ১৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





