হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বাথরুমের আবর্জনা ফেলার ঝুড়িতে ৪৮টি স্বর্ণের বার পাওয়ার গেছে।

যার মোট ওজন ১৫ দশমিক ৭৩৮ কেজি। যার বাজারমূল্য ৭ কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

গতকাল শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশের টয়লেটের ময়লার ঝুড়ি থেকে সোনার বারগুলো উদ্ধার করা হয়।

পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুল্ক কর্তৃপক্ষ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা দল জানতে পারে, বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং ব্রিজের পাশে পুরুষ টয়লেটের আবর্জনা ফেলার ঝুড়ির ভেতরে সাদা স্কচ টেপ মোড়ানো ৪৮টি সোনার বার রয়েছে। শুল্ক গোয়েন্দা দল পরিত্যক্ত অবস্থায় সোনার বারগুলো উদ্ধার করে।

পরে কাস্টমস হাউজের ব্যাগেজ কাউন্টারে এনে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্কচটেপ খুলে সোনার বারগুলো বের করা হয়। সোনার বারগুলোর ওজন ১৫.৭৩৮ কেজি এবং এর মূল্য আনুমানিক সাত কোটি ৮৬ লাখ ৯০ হাজার টাকা।

এ ব্যাপারে শুল্ক আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানায় কর্তৃপক্ষ।

 

এএস