সাংবাদিক প্রবীর সিকদারের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনের মামলায় অভিযোগপত্র (চার্জশিট) দেওয়ার পর তিনি এ মামলা আইনগতভাবে মামলা মোকাবিলা করার কথা জানিয়েছেন।
ফরিদপুরের ১ নম্বর আমলি আদালতে মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন অভিযোগপত্র দেন। অতিরিক্ত বিচারিক হাকিম মো. মাসুদ আলী তাৎক্ষণিকভাবে মামলাটি ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনালে পাঠানোর নির্দেশ দেন।
এ বিষয়ে সাংবাদিক প্রবীর সিকদার বলেন, ‘এ চার্জশিট বিশেষ নির্দেশনায় দেওয়া হয়েছে। আমি আইনগতভাবেই এ মামলা মোকাবিলা করব।’
ফরিদপুরের কোর্ট পরিদর্শক সুবীর রায় জানান, এই মামলার তদন্ত কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে সাংবাদিক প্রবীর সিকদারকে অভিযুক্ত করে গত ১৬ মার্চ আদালতে চার্জশিট প্রদান করেন।
তবে ওই দিন এ মামলার ধার্য তারিখ না হওয়ায় আদালত ধার্য তারিখে চার্জশিট উপস্থাপন করার আদেশ দেন। মঙ্গলবার নির্ধারিত তারিখে চার্জশিট উপস্থাপন করা হলে আদালত মামলাটি সাইবার ট্রাইব্যুনালে স্থানান্তরের আদেশ দেন।
প্রসঙ্গত, ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত বছরের ১৬ আগস্ট প্রবীর সিকদারকে একমাত্র আসামি করে ফরিদপুর কোতোয়ালি থানায় তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করা হয়।
এ মামলা দায়ের করেন জেলা পূজা উদযাপন কমিটির উপদেষ্টা স্বপন পাল। স্বপন পাল জেলা জজকোর্টের একজন এপিপি। তিনি অভিযোগ করেন, ওই স্ট্যাটাসে স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের মানহানি হয়েছে।
প্রসঙ্গত, প্রবীর সিকদার উত্তরাধিকার ৭১ নিউজ এবং দৈনিক বাংলা ৭১ নামের পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি দৈনিক সমকাল ও কালের কণ্ঠে কাজ করেছেন। এর আগে তিনি দৈনিক জনকণ্ঠে ছিলেন।
এম আর





