ফেনী-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং দৈনিক হাজারীকা প্রতিদিনের সম্পাদক জয়নাল হাজারীর বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।
সোমবার দুপুর ২টায় ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. খাইরুল আমীন এ সমন জারি করেন। সমনে আগামী ১৯ আগস্ট মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করে ওই দিনই জয়নাল হাজারীকে আদলতে হাজির হওয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ফেনী কোর্টের সরকারি সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) আলা উদ্দিন আল আজাদ জানান, ফুলগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ সভাপতি একরামুল হক একরাম হত্যা ও চাঁদাবাজির ঘটনার সঙ্গে ফেনী পৌরসভার সাবেক কাউন্সিলর কহিনুর আলমকে জড়িয়ে সম্প্রতি ‘দৈনিক হাজারীকা প্রতিদিনে’একাধিক সংবাদ প্রকাশ হয়।
এ ঘটনায় গত রোববার পত্রিকাটির সম্পাদক জয়নাল হাজারীর বিরুদ্ধে ফেনীর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ৫০ লাখ টাকার মানহানি মামলা দায়ের করেন কহিনুর আলম।
আদালত সোমবার মামলার আদেশের দিন নির্ধারণ করেন। এদিনে শুনানি শেষে দুপুরে জয়নাল হাজারীর বিরুদ্ধে সমন জারি করেন।
ঢাকা, ৭ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





