কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার প্রতিবাদ এবং আইন সংশোধন করে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড করার দাবিতে জাতীয় সংসদ অভিমুখে পদযাত্রার ঘোষণা দিয়েছে গণজাগরণ মঞ্চ।

শুক্রবার বিকেলে শাহবাগে এক সমাবেশ থেকে আগামী ৫ মে এ কর্মসূচির ঘোষণা দেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার।

তিনি বলেন, ‘কুমিল্লার রোডমার্চে গণজাগরণ মঞ্চ থেকে আমরা চারটি দাবি ঘোষণা করেছিলাম। সে চার দাবি জানিয়ে ৫ মে ‘তনুর জন্য বিচার’ শিরোনামে বাংলাদেশ জাতীয় সংসদ অভিমুখে ‘পার্লামেন্ট মার্চ’ কর্মসূচি ঘোষণা করছি।’

ওই দিন সকাল ১১টায় শাহবাগ থেকে সারাদেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীসহ সবাইকে নিয়ে জাতীয় সংসদ অভিমুখে এই পদযাত্রা হবে বলে জানান তিনি।

ইমরান বলেন, সারাদেশে গণজাগরণ মঞ্চের সংগ্রহ করা গণস্বাক্ষরসহ দাবি সম্বলিত একটি স্মারকলিপি পদযাত্রা শেষে স্পিকারের কাছে দেয়া হবে।

এম আর