নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনকে কলকাতায় গ্রেফতারের বিষয়টি জানিয়ে বাংলাদেশ সরকারকে চিঠি দিয়েছে ভারত।
ওই চিঠিতে নূর হোসেনকে গ্রেফতারের বিষয়ে বিস্তারিত জানিয়ে তার ব্যাপারে আরও তথ্য চাওয়া হয়েছে।
বুধবার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সচিবালয়ে সাংবাদিকদের এ তথ্য জানান।
গত শনিবার রাতে বাগুইআটি থানা এলাকার কৈখালীসংলগ্ন ইন্দ্রপ্রস্থ আবাসনের পঞ্চমতলার একটি ফ্ল্যাট থেকে নূর হোসেন এবং তার দুই সহযোগী সেলিম ও শামীমকে গ্রেফতার করা হয়।
পরদিন দুপুরে উত্তর চব্বিশ পরগনা জেলার সদর বারাসাতের বিশেষ আদালতে নূর হোসেন এবং তার দুই সহযোগী আজিজুর রহমান শামীম ও খান সুমনকে হাজির করা হয়।
পুলিশের পক্ষ থেকে তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১৪ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে বিশেষ ভারপ্রাপ্ত বিচারক এডুইন লেপচার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা, ১৮ জুন (টাইমনিউজবিডি.কম) // জেআই





