রাজধানীর দক্ষিণখান থানার পূর্ব আশকোনার একটি তিনতলা বাড়িতে জঙ্গিবিরোধী অভিযানে আটক জেবুন্নাহার শিলা ও তৃষ্ণা মনিকে ৭ দিনের রিমান্ডে নেয়া হয়েছে।

আজ সোমবার কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক সায়েদুর রহমান আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তাদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

২৪ ডিসেম্বর রাতে পূর্ব আশকোনার ওই বাড়ির নিচতলার ফ্ল্যাট ঘিরে ‘অপারেশন রিপল ২৪’ নামের অভিযান শুরু হয়। টানা ১৬ ঘণ্টার অভিযান চলে সেখানে। কুয়েত প্রবাসী জামাল হোসেনের ‘সূর্যভিলা’ বাড়ির এই জঙ্গি আস্তানায় অভিযানকালে গ্রেনেড বিস্ফোরণে দুই জঙ্গি নিহত হয়। তাদের মধ্যে একজন পলাতক জঙ্গি সুমনের স্ত্রী শাকিরা ওরফে সাকিনা। অন্যজন জঙ্গিনেতা তানভীর কাদেরীর ১৪ বছরের ছেলে আফিফ কাদেরী বলে প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে।

পুলিশ বলছে, নিহত দুজনই গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়ে আত্মহত্যা করেছে। বাংলাদেশে এই প্রথম কোনো নারী জঙ্গি আত্মঘাতী হলেন।

এ ছাড়া ওই বাড়ি থেকে সাবিনা নামে ৪ বছরের এক কন্যাশিশুকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। আত্মসমর্পণ করে ৪ জঙ্গি। তারা হলো- সাবেক মেজর ও রূপনগরে পুলিশের গুলিতে নিহত জাহিদুল ইসলামের স্ত্রী জেবুন্নাহার শীলা ও তার মেয়ে এবং জঙ্গিনেতা মুসার স্ত্রী তৃষ্ণা ও তার মেয়ে। আহত সাবিনাকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। মেয়েটি জঙ্গি ইকবালের কন্যা বলে পুলিশের ধারণা।

এমই