সুনামগঞ্জের বৃটেন প্রবাসী নিখোঁজ বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব ও তার গাড়ি চালক রেজাউল হক সোহেলকে বৃহস্পতিবার সকালে সুনামগঞ্জ আদালতে নেওয়া হবে।

বুধবার রাত সাড়ে ১১টায় ঢাকা থেকে জেলা পুলিশের একটি বিশেষ দল তাদের নিয়ে সুনামগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে এসে পৌঁছে।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (পূর্ব) হেমায়েতুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে বুধবার মুজিবকে চিৎসকরা ছাড়পত্র দেওয়ার পর পুলিশ তাকে নিয়ে সুনামগঞ্জ এসেছে। সঙ্গে গাড়ি চালক সোহেলও রয়েছে বলে জানান তিনি।

নিখোঁজের সাড়ে ৩ মাস পর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে মুজিব নিজেই তার শ্যালক ব্যারিস্টার আনোয়ার হোসেনের গুলশানের বাসায় গিয়ে ওঠেন।

শারীরিক অবস্থা খারাপ থাকায় তাকে সোমবার রাতে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়।

মুজিব উদ্ধারের খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার হেমায়েতুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ সোমবার রাতেই ঢাকায় রওয়ানা হয়।

সুনামগঞ্জের পুলিশ সুপার হারুণ অর রশীদ জানান, মুজিবুরের সঙ্গে নিখোঁজ তার গাড়িচালক রেজাউল করিম সোহেলকেও সুনামগঞ্জ নেওয়া হচ্ছে।

যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা কমিটির সদস্য ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য প্রবাসী মুজিবুর রহমান ও তার গাড়িচালক রেজাউল করিম সোহেল ৪ মে সুনামগঞ্জ থেকে সিলেট ফেরার পথে নিখোঁজ হন।

৬ মে মুজিবের ভাগনি জামাতা অধ্যক্ষ রবিউল ইসলাম সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেন।

ঢাকা, ২১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এএইচ