বহুল আলোচিত সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় হত্যা মামলার অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। সোমবার ঢাকা জেলা দায়রা জজ আদালতের বিচারিক আল-আমিন এ আদেশ দেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আনোয়ারুল কবির বাবুল এ বিষয়ে নিশ্চিত করেছেন।
বাবুল জানিয়েছেন, বিচারক অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে এ মামলায় পলাতক ২৪ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন। আগামী ২৭ জানুয়ারি পরোয়ানা-সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
চলতি বছরের ১ জুন ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে সিআইডির সহকারী পুলিশ সুপার বিজয় কৃষ্ণ কর রানা প্লাজার মালিক সোহেল রানাসহ ৪১ জনের বিরুদ্ধে হত্যার অভিযোগে অভিযোগপত্র দাখিল করেন। সাক্ষী করা হয়েছিল ৫৯৪ জনকে।
রানা প্লাজা ধসের ঘটনায় সাভার থানায় আলাদা দুটি মামলা করা হয়। অবহেলাজনিত মৃত্যু চিহ্নিত করে পুলিশের একটি হত্যা মামলা, অন্যটি ইমারত নির্মাণ আইন লঙ্ঘন করে ভবন নির্মাণ করায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ইমারত আইনে দায়ের করে।
২০১৩ সালের ২৪ এপ্রিল সকাল ৯টার দিকে ধসে পড়ে সাভারের রানা প্লাজা। এ সময় ভবনের নিচে চাপা পড়েন সাড়ে পাঁচ হাজার পোশাক শ্রমিক। এ ঘটনায় এক হাজার ১৩৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। আহত ও পঙ্গু হন প্রায় দুই হাজার শ্রমিক।
এআই





