নাশকতার মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ (মঙ্গলবার) ঢাকা মহানগর হাকিম একেএম মঈন উদ্দিন সিদ্দিকী রাজধানীর রমনা থানার মামলায় এ আদেশ দেন।
আদালতের সাধারন নিবন্ধন কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, আজ ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে শামসুজ্জামান দুদুকে হাজির করানো হয়। মামলার তদন্ত কর্মকর্তা রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সুদীপ কুমার ঘোষ তাঁকে আটক রাখার আবেদন করেন।
ওই আবেদনের প্রেক্ষিতে শামসুজ্জামান দুদুর আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিচারক জামিনের আবেদন খারিজ করে শামসুজ্জামান দুদুকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গতকাল সোমবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি শেষে মৎস্য ভবন এলাকা দিয়ে ফিরছিলেন শামসুজ্জামান দুদু। সেখান থেকেই তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তির দাবিতে ওই কর্মসূচি পালন করা হয়।
উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকারবকশিবাজারের আলীয়া মাদ্রাসায় স্থাপিত ৫নং বিশেষ জজ আদালতের বিচারক ড. আখতারুজ্জামান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ৫ বছর এবং তারেক রহমান’সহ বাকি ৫ আসামিদের ১০ বছর করে সশ্রম কারাদণ্ড এবং ২ কোটি ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আদালত।
এরপর রাজধানীর নাজিম উদ্দিন রোডের পুরনো ঢাকা কেন্দ্রীয় কারাগারের প্রশাসনিক ভবনটিকে ‘সাবজেল’ ঘোষণা করে সেখানে রাখা হয়েছে তাকে। পুরনো কেন্দ্রীয় কারাগারের অফিস ভবনের মূল ফটক দিয়ে ঢুকে বামেই সিনিয়র জেল সুপারের যে অফিস কক্ষ ছিল, সেখানেই তাকে রাখা হয়েছে বলে জানিয়েছেন কারা কর্মকর্তারা।
বর্তমানে ওই কারাগারে আর কোনও বন্দি নেই। ২০১৬ সালের ২৯ জুলাই ভোর সাড়ে ৬টার থেকে শুরু করে সারাদিন রাজধানীর নাজিম উদ্দিন রোড থেকে সাড়ে ছয় হাজার বন্দিকে কেরানীগঞ্জে নবনির্মিত কারাগারে স্থানান্তর করা হয়। এরপর থেকে পুরনো কেন্দ্রীয় কারাগার বন্দিশূন্য ছিল।
দীর্ঘ ৩৬ বছরের রাজনৈতিক জীবনে এর আগে একবার কারাগারে যেতে হয়েছিল খালেদা জিয়াকে। ২০০৭ সালের ৩ সেপ্টেম্বর সেনা-সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় তাকে গ্রেফতার করা হয়। তখন জাতীয় সংসদ ভবন এলাকার স্পিকারের বাসভবনকে সাবজেল ঘোষণা দিয়ে সেখানে রাখা হয়েছিল তাকে। ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর উচ্চ আদালতের এক আদেশে খালেদা জিয়া মুক্তি পান।
এমবি





