অবশেষে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। তবে তার সঙ্গে স্ত্রী সুষমা সিনহার যাওয়ার কথা থাকলেও তিনি যাননি বলে জানা গেছে।

শুক্রবার (১৩ অক্টোবর) দিনগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি একাই ঢাকা ছাড়েন বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের অতিরিক্ত রেজিস্ট্রার সাব্বির ফয়েজ।

এর আগে প্রধান বিচারপতি বিমানবন্দরে যাওয়ার উদ্দেশে রাত ৯টা ৫৬ মিনিটে স্ত্রী সুষমা সিনহাকে নিয়ে বাসা থেকে বের হন। ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেট দিয়ে তিনি বিমানবন্দরে প্রবেশ করেন।

কিন্তু ইমিগ্রেশনে তার স্ত্রীকে আটকে দেয়া হয়। সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করে জানায়, এসময় সুষমা সিনহা অনেক কান্নাকাটি করেন। স্বামীর সঙ্গে যাওয়ার আকুতি জানান। কিন্তু তাকে ছাড়া হয়নি। এ সময় সুরেন্দ্র কুমার সিনহাকেও চোখ মুছতে দেখা গেছে।

পরে রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে তিনি স্ত্রীকে ছাড়াই সিঙ্গাপুরের উদ্দেশে যাত্রা করেন। সেখান থেকে অস্ট্রেলিয়া যাওয়ার কথা আছে তার।

এমবি