রাজধানীর পল্লবীতে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে এক ব্যবসায়ীর কাছ থেকে সোয়া লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মিরপুর-১১ নম্বর সেকশন থেকে তাকে গাড়িতে তুলে মারধর শেষে টাকা নিয়ে কালশী এলাকায় ফেলে যায়।
ছিনতাইয়ের শিকার ব্যবসায়ীর নাম আলী আফসার রুবেল। তিনি রুবেল এন্টারপ্রাইজের মালিক। তাকে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে রুবেলের বড় ভাই আলী আফসার লিটন জানান, রুবেল ব্র্যাক ব্যাংকের মিরপুরের একটি শাখা থেকে টাকা তোলেন। রাস্তায় আসার পর ডিবি পরিচয় দিয়ে কয়েক ব্যক্তি অস্ত্রের মুখে তাকে একটি গাড়িতে উঠিয়ে মারধর করে সোয়া এক লাখ টাকা ছিনিয়ে নেয়।
তিনি বলেন, ‘এই বিষয়ে আমরা পল্লবী থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।’
পল্লবী থানার কর্তব্যরত পুলিশ কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মুনিয়ারা বেগম বলেন, ‘আমরা মৌখিকভাবে অভিযোগ পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়েছি। এ ঘটনায় ভুক্তভোগীরা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।’
জেএ





