পঞ্চগড়ে একটি হিন্দু ধর্ম কেন্দ্রের পুরোহিতকে গলা কেটে হত্যার দায় স্বীকার করেছে ইসলামিক এস্টেট (আইএস)।

আইএস’র বরাত দিয়ে জঙ্গি তৎপরতা পর্যবেক্ষণকারী সংস্থা সাইট ইন্টেলিজেন্স গ্রুপ রোববার রাতে তাদের ওয়েবসাইটে এ হত্যার দায় স্বীকার করেছে।

এর আগে রোববার সকালে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শ্রী শ্রী সন্ত গৌড়ীয় মঠের পুরোহিতকে গলা কেটে হত্যা করা হয়।

পুলিশ জানান, নিহত পুরোহিত যজ্ঞেশ্বর রায়ের বয়স ছিল ৫০ বছর। এ ঘটনায় পুরোহিতের সহকারী গুলিবিদ্ধ গোপাল চন্দ্র রায়কে (৩৫) রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, যজ্ঞেশ্বর রায় এই মঠের অধ্যক্ষও ছিলেন। তিনি আজ সকালে মঠে ভক্তদের নিয়ে পূজা-অর্চনা করছিলেন। এ সময় আকস্মিকভাবে একটি মোটর সাইকেলে তিন দুর্বৃত্ত করতোয়া নদীর পশ্চিম তীরের মঠটিতে ঢুকে আক্রমণ চালায়। আক্রমণকারীরা ধারালো অস্ত্র দিয়ে পুরোহিত যজ্ঞেশ্বরের গলা কেটে হত্যা করে। হামলাকারীদের গুলিতে ভক্ত গোপাল চন্দ্র আহত হন। এরপর তারা কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে মোটরসাইকেলে দ্রুত পালিয়ে যায়।

এদিকে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে এ হত্যাকাণ্ড হতে পারে বলে বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি হুমায়ুন কবির।

এবি