ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী ড. এস এম নাজমুল হকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহ্দ বিন আমিন চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন।
এর আগে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ ৭ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন।
রিমান্ড আবেদনে বলা হয়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামে যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য নগদ ৫ লাখ টাকা ঘুষ গ্রহণকালে নাজমুল হককে হাতেনাতে গ্রেফতার করে দুদক।
নাজমুল হকের পক্ষে গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, নাজমুল হককে ফাঁদে ফেলে গ্রেফতার করা হয়েছে। তাকে একটা হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে। তিনি একজন প্রকৌশলী, তার অফিসেই তো জায়গা আছে। ঘুষ নেওয়ার জন্য তিনি হোটেলে যাবেন কেন?
তারা বলেন, চিফ ইঞ্জিনিয়ার কে না হতে চায়? অন্ত:কোন্দলের ফলে মামলার সৃষ্টি করে তাকে গ্রেফতার করা হয়েছে।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন।
উল্লেখ্য, গত ১২ এপ্রিল বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তোরাঁ থেকে নাজমুল হককে ঘুষের টাকাসহ গ্রেফতার করে দুদকের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বাধীন একটি দল।
পরদিন মামলার তদন্ত কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। আর নাজমুল হকের আইনজীবীরা জামিনের আবেদন করেন। আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দুদক সূত্রে জানা যায়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামে যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্রের জন্য নাজমুল হকের কাছে গেলে তিনি ১৫ লাখ টাকা ঘুষ দাবি করেন। সংশ্লিষ্ট ব্যক্তি বিষয়টি দুর্নীতি দমন কমিশনকে জানান।
এরপর দুদক সব বিধি-বিধান অনুসরণ করে কমিশনের ঢাকা বিভাগীয় কার্যালয়ের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে ফাঁদ মামলা পরিচালনার অনুমতি দেয়। এর অংশ হিসেবে ১২ এপ্রিল বিকেল পৌনে ৬টায় ঘুষের টাকার কিস্তি বাবদ ৫ লাখ টাকা রাজধানীর সেগুন রেস্তোরাঁয় বসে যখন নাজমুল হক গ্রহণ করছিলেন, ঠিক তখনই ওঁত পেতে থাকা দুদকের বিশেষ দলের সদস্যরা ঘুষের টাকাসহ তাকে হাতেনাতে গ্রেফতার করে।
এসএম





