জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলার পরবর্তী তারিখ ১২ জানুয়ারি ধার্য করা হয়েছে। আর জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানি চলছে।
পুরান ঢাকার বকশীবাজারে আলিয়া মাদ্রাসাসংলগ্ন মাঠে স্থাপিত বিশেষ জজ আদালত-৩-এর অস্থায়ী এজলাসে এই দুই মামলার বিচারকাজ চলছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে দুই মামলায় আত্মপক্ষ সমর্থন করতে আদালতে হাজির হন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে খালেদা জিয়ার অসমাপ্ত বক্তব্য উপস্থাপনের জন্য আজকের দিন ধার্য ছিল। আজ আদালত এই মামলার পরবর্তী তারিখ ১২ জানুয়ারি ধার্য করেন।
অন্যদিকে জিয়া অরফানেজ ট্রাস্ট-সংক্রান্ত দুর্নীতির মামলার শুনানি চলছে। বেলা ১টা ৪০ মিনিটের দিকে আদালত বিরতিতে যান। বেলা আড়াইটায় ফের শুনানি শুরু হওয়ার কথা।
জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে অবৈধভাবে অর্থ লেনদেনের অভিযোগে খালেদা জিয়াসহ ৪জনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জিয়া অরফানেজ ট্রাস্টের অর্থ আত্মসাতের অভিযোগে খালেদা জিয়াসহ ৬জনের বিরুদ্ধে অপর মামলাটি করে দুদক। দুটি মামলায় ২০১৪ সালের ১৯ মার্চ অভিযোগ গঠন করেন আদালত।
এমবি





