একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী এবং জামায়াত নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের মৃত্যুদণ্ডাদেশের রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায় বিচারিক আদালত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পৌঁছেছে।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ট্রাইব্যুনালের সামনে এটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের জানান, সাকা-মুজাহিদের রিভিউ খারিজের রায় কিছুক্ষণের মধ্যে ট্রাইব্যুনাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে। এরপর এই রায়ের কপি দুই আসামিকে পড়ে শোনাবে কারা কর্তৃপক্ষ। তারপর ফাঁসি কার্যকর কখন হবে, তা নির্ধারণ করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।

এর আগে রিভিউ খারিজের পূর্ণাঙ্গ রায়ে স্বাক্ষর করেন বিচারপতিরা। স্বাক্ষরের পর রায়ের নথি প্রকাশ করা হয়।

রিভিউ খারিজের রায়ে স্বাক্ষরকারী চার বিচারপতি হলেন- প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এবং বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।

আদালত সূত্রে আরও জানা যায়, ট্রাইব্যুনাল থেকে রায়ের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হবে।

এরপর কারা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মাদ মুজাহিদকে জিজ্ঞেস করবেন তারা মহামান্য রাষ্ট্র পতির কাছে প্রাণভিক্ষার আবেদন করবেন কীনা।

দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগারের কনডেমড সেলে থাকা সাকা চৌধুরী এবং মুজাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন তাদের পরিবারের সদস্যরা।

এমকে