রাজধানীর কাকরাইলে মা ও তাঁর ছেলেকে হত্যার ঘটনায় মূলহোতা আলামিন ওরফে জনিকে গ্রেফতার করেছে র‌্যাব-৩।

আজ (শনিবার) র‌্যাবের অভিযানে গোপালগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক মিজানুর রহমান।

তিনি বলেন, র‌্যাবের অভিযানে গোপালগঞ্জ থেকে জনিকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জনি হত্যার কথা স্বীকার করেছে।   

এ বিষয়ে শনিবার বিকেল ৪টায় র‌্যাবের সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানোর কথা রয়েছে।

উল্লেখ্য, ১ নভেম্বর সন্ধ্যায় কাকরাইলে ভিআইপি রোডে তমা সেন্টারের গলির কাছে ৭৯/১ মায়াকানন নামের বাড়ির ৫তলার নিজ বাসায় শামসুন্নাহার (৪৬) ও তাঁর ছোট ছেলে শাওনকে (১৮) গলাকেটে হত্যা করা হয়।

এ ঘটনায় শামসুন্নাহারের ভাই আশরাফ আলী খোকন বাদী হয়ে বৃহস্পতিবার রাতে রাজধানীর রমনা থানায় মামলা করেন।

মামলার এজাহারে বলা হয়, শামসুন্নাহার তাঁর স্বামী আবদুল করিমের বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে বাধা দিচ্ছিলেন। এতে ক্ষিপ্ত হয়ে আবদুল করিম তাঁর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাচ্ছিলেন, হত্যার হুমকি দিচ্ছিলেন। আবদুল করিম, তাঁর তৃতীয় স্ত্রী শারমিন আক্তার ও শারমিনের ভাই আল আমিন ওরফে জনি অজ্ঞাতনামা খুনিদের দিয়ে শামসুন্নাহার ও তাঁর কলেজপড়ুয়া ছেলেকে হত্যা করেছেন।

এমবি