“সকাল সাড়ে নয়টার মধ্যে আদালতে বসতে হবে বিচারকদের। তাহলে প্রতিদিন নির্দিষ্ট সময়ের মধ্যে বিচার কাজ সম্পন্ন হবে। কোনো বিচার প্রার্থী এবং সাক্ষী যাতে ফিরে না যান সেদিকে লক্ষ্য রাখতে হবে।”
রবিবার দুপুরে যশোর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবী এবং বিচারকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন।
তিনি বলেন, আইনজীবীরা সমাজের বিবেক। সাধারণ মানুষ বিচারের আশায় তাদের কাছে আসেন। আইনজীবীদের সৎ, নিষ্ঠাবান, আদর্শিক হতে হবে। সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে। বিচারকদের ব্যক্তিগত সুবিধার কোন চিন্তা করা যাবে না।
তিনি আরও বলেন, আদালত পরিদর্শন করে যা দেখলাম তাতে একটি মামলা শেষ হতে যুগ যুগ কেটে যাবে। কোনো মামলা নিষ্পত্তির ঘটনা দেখতে পেলাম না।
জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট দেবাশীষ দাসের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার আব্দুল কুদ্দুস জামান, স্পেশাল জেলা জজ জোয়ার্দার আমিরুল ইসলাম, অতিরিক্ত জেলা জজ আব্দুস শরীফ, আলমাসুর রহমান, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মফিজুর রহমান, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিল্টন হোসেন, প্রণব কুমার হুই প্রমুখ।
ইআর





