ভারতের কলকাতায় আটক নারায়ণগঞ্জে ৭ খুনের মামলার প্রধান আসামি নূর হোসেন ও তাঁর ২ সঙ্গীকে আজ শনিবার আবার আদালতে তোলা হবে। আজ তাঁদের ১৪ দিনের জেল হেফাজত শেষ হচ্ছে।

দমদম কেন্দ্রীয় কারাগার থেকে আজ দুপুরে বারাসাতের মুখ্য বিচার বিভাগীয় হাকিমের আদালতে শুনানির জন্য নূর হোসেনকে আদালতে তোলা হবে। তবে তাঁর জামিনের পক্ষে আবেদন করবেন কি না, এ ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি।

ভারতে অনুপ্রবেশ, অস্ত্র আইন ও জুয়ার আসর বসানোর অভিযোগে নূর হোসেন ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে বাগুইহাটি থানা পুলিশের করা মামলার শুনানির জন্য তাঁদের আদালতে হাজির করা হচ্ছে।

২ আগস্ট আদালতে তোলার আগে প্রিজন ভ্যান থেকে নূর হোসেন বলেছিলেন, তাঁর স্বজনেরা কলকাতায় এসেছেন। তিনি তাঁদের সঙ্গে কথা বলে জামিনের আবেদন করবেন। জানা গেছে, ইতিমধ্যে স্বজনেরা কারাগারে গিয়ে নূর হোসেনের সঙ্গে দেখাও করেছেন।

গত ১৪ জুন রাতে কলকাতার দমদম বিমানবন্দরের অদূরে বাগুইহাটি থানার কৈখালি এলাকার একটি বাড়ি থেকে নূর হোসেনের সঙ্গে তাঁর ২ সঙ্গী খান সুমন ও ওহিদুর জামানকে গ্রেফতার করে পুলিশ।

ঢাকা, ১৬ আগস্ট, টাইমনিউজবিডি.কম, কেএইচ